এশিয়ান গেমসে দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও পাকিস্তানের হয়ে আজই অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হলো সাহিবজাদা ফারহানের। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াইয়ে সামনে থেকে দলকে পথ দেখান এই ওপেনার। তাঁর ৫৩ বলে ৮৯ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। দৃষ্টিনন্দন ইনিংসটিতে সাহিবজাদা হাঁকান ১০টি চার ও ৪টি ছক্কা।
ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানকে ১৮২ রানের লক্ষ্য বেঁধে দেয় শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংসে প্রায় একাই লড়াই চালান ওপেনার লাহিরু উদারা। ৫৫ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলে ১৯তম ওভারে সপ্তম ব্যাটার হিসেবে তিনি সাজঘরে ফেরেন। উদারা ছাড়া দলটির মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের সংগ্রহ পান; ১৮ বলে ২৩ রান করেন কামিন্দু মেন্ডিস এবং ১৫ বলে ১৮ রান আসে দাসুন শানাকার ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে বল হাতে ৩টি উইকেট তুলে নেন পেসার নাসিম শাহ।
জবাবে ব্যাট করতে নেমে ১৮২ রানের লক্ষ্যে ৭ বল হাতে রেখেই পৌঁছে যায় পাকিস্তান। রান তাড়ায় অধিনায়ক সাহিবজাদার সঙ্গে ফখর জামান গড়ে তোলেন ৫৪ রানের উদ্বোধনী জুটি। ঈশান মালিঙ্গার বলে ফখর বিদায় নেওয়ার পর মাজ সাদাকাতের সঙ্গে জুটি বাঁধেন সাহিবজাদা। এ দুজন ৫২ বলে মূল্যবান ৯২ রান এনে দেন। ৫০ রান করা সাদাকাতকে মহীশ তিকশানা যখন ফেরান, পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ১৪৬ রান। এরপর ৩৩ রানের মধ্যে ৪টি উইকেট হারালেও কোনো বড় বিপদ ছাড়াই নিশ্চিত জয় তুলে নেয় পাকিস্তান।