বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে ব্লেন্ডেড পদ্ধতির ‘মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন (এমডিএমআর)’ প্রোগ্রামের দশম ব্যাচে (২০২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে পরিচালিত এই বিশেষায়িত স্নাতকোত্তর ডিগ্রির জন্য আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এ প্রোগ্রামে অংশ নিতে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, প্রটেক্টিকস অ্যান্ড অর্থোটিকস, এমবিবিএস, বিডিএস, নার্সিং কিংবা ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে স্নাতক হতে হবে। অথবা জীববিজ্ঞানসহ বিএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ ও সমন্বিতভাবে জিপিএ ৭.০০ সহ ইন্টার্নশিপ সম্পন্ন থাকতে হবে। পাশাপাশি স্নাতক পর্যায়ে নূন্যতম ৫০ শতাংশ নম্বর বা ৪ স্কেলে জিপিএ ২.৫ অর্জন বাধ্যতামূলক।
ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম চলবে ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ১,০০০ টাকা আবেদন ফি পরিশোধ সাপেক্ষে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ২০২৭ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় গাজীপুরে অবস্থিত বাউবির মূল ক্যাম্পাসে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই বছরের ৪ জানুয়ারি বিকেল ৪টায় চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
মোট ১০০ নম্বরের মূল্যায়ন প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে ৮০ নম্বর, যার মধ্যে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) এবং বাংলা ও ইংরেজিতে ২০ নম্বরের লিখন–দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। বাকি ২০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য। গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত বাউবির মূল ক্যাম্পাসে সরাসরি ও অনলাইন মাধ্যমে টিউটোরিয়াল ক্লাসগুলো পরিচালিত হবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে জানা যাবে।