নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য গতকাল রাতে ১৫ সদস্যের ভারতীয় দল চূড়ান্ত করেছে বিসিসিআই। এক বছরেরও বেশি সময় পর এই টেস্ট দলে পেসার আকাশ দীপ জায়গা পেলেও ব্রাত্যই থেকে গেছেন মোহাম্মদ শামি। প্রায় চার বছরের বিরতি ভেঙে সম্প্রতি জাতীয় দলে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তনের পর শামির ফেরা নিয়েও গুঞ্জন জোরালো হয়েছিল। তবে দল ঘোষণার পর দেখা যায়, মাঠে পারফর্ম করা সত্ত্বেও এই অভিজ্ঞ পেসারের জন্য জাতীয় দলের দরজা এখনো রুদ্ধই রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৪৬২টি উইকেট শিকার করা শামি সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ টি-টোয়েন্টি এবং ওই বছরের মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামেন তিনি। সম্প্রতি প্রধান নির্বাচক হিসেবে অজিত আগারকারের বিদায়ের পর প্রজ্ঞান ওঝার নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি দায়িত্ব নেওয়ায় শামির প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হলেও বাস্তবে তা ঘটেনি। অথচ লাল বলের ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ২০২৫-২৬ মৌসুমে রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে সাত ম্যাচে ১৬.৭২ গড়ে ৩৭টি উইকেট নিয়েছিলেন তিনি, যার মধ্যে ইনিংসে পাঁচ উইকেট ছিল তিনবার। এমনকি চলতি মৌসুমের প্রথম ম্যাচেও দিল্লির বিপক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি।
দীর্ঘদিনের চোট কাটিয়ে ওঠার পর আন্তর্জাতিক টেস্টের ধকল তিনি সামলাতে পারবেন কি না—এমন ফিটনেস সংক্রান্ত প্রশ্ন প্রায়ই উঠছে। তবে দিল্লির বিপক্ষে ম্যাচের পর সমালোচকদের উদ্দেশে ৩৬ বছর বয়সী শামি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘আপনারা আমার ফিটনেস দেখতে পাচ্ছেন। সেটা লিখুন। আপনারা তো আমাকে দেখছেন। আমি কী বললাম, তাতে কী হবে? আমি মাঠে আছি। খেলছি। যেখানে খেলার সুযোগ পাচ্ছি, সেখানেই খেলছি। আমার কাজ শুধু বোলিং করে যাওয়া।’ এর আগে রঞ্জি শুরুর প্রাক্কালে শামি জানিয়েছিলেন, জাতীয় দলে সুযোগ না হলে তাঁর কোনো ক্ষতি নেই।
নির্বাচকদের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকায় ধারণা করা হচ্ছে, শামির বয়স এবং টেস্টে দীর্ঘ স্পেলে বোলিংয়ের ধকল হয়তো বিবেচনায় নেওয়া হয়েছে। ভুবনেশ্বরের ফেরা সাদা বলের টি-টোয়েন্টির প্রেক্ষাপটে হলেও শামির বিষয়টি ছিল মূলত টেস্ট এবং ওয়ানডের। তাছাড়া ভুবনেশ্বর আইপিএলে টানা দুই মৌসুমে ৪৫ উইকেট শিকার করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জিতিয়ে নির্বাচকদের নজর কাড়েন। অন্যদিকে আকাশ দীপদের আগমনে ভারতীয় পেস বিভাগে প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজেও নির্বাচকদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শামির জায়গা হলো না।