টেলিভিশন নাটকের পরিচিত মুখ জিয়াউল ফারুক অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানের মেয়ে আনায়ার বয়স এক বছর পূর্ণ হয়েছে। গত বুধবার (১৪ অক্টোবর) ছিল মেয়ের প্রথম জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে কন্যার প্রতি গভীর ভালোবাসা ও পিতৃত্বের আনন্দের কথা জানিয়েছিলেন অপূর্ব। এবার সপরিবারে উদ্যাপনের বেশ কিছু স্থিরচিত্র ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শাম্মা দেওয়ান।
কন্যার জন্মদিন উদ্যাপনে অংশ নিতে অপূর্ব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। প্রকাশিত ছবিগুলোতে প্রথমবারের মতো এই দম্পতিকে তাঁদের এক বছরের কন্যা আনায়াকে নিয়ে একসঙ্গে দেখা গেছে। একটি ছবিতে দেখা যায়, জন্মদিনের কেক কাটার আগে বাবার সঙ্গে খেলায় মেতেছে ছোট্ট আনায়া। অপর একটি ছবিতে উপহার হিসেবে পাওয়া গাড়িতে বসে থাকতে দেখা যায় তাকে; ছবিটি শেয়ার করে মা শাম্মা লিখেছেন, ‘আমার ছোট লক্ষ্মী রাজকন্যা আনায়া।’
এর আগে মেয়ের জন্মদিনে অপূর্ব আবেগঘন বার্তা দিয়ে লিখেছিলেন, ‘তোমার মিষ্টি হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।’ মাথায় মুকুট পরা আনায়ার আরেকটি ছবি দিয়ে তিনি আরও যোগ করেন, ‘তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’
এদিকে মা শাম্মা দেওয়ানের কোলে বসে থাকা আনায়া ও পাশে অপূর্বর আরেকটি ছবি প্রকাশ করে শাম্মা লিখেছেন, ‘তোমাকে অনেক ভালোবাসি আমার আদরের পরি, আমাদের সুন্দর সব স্মৃতির তো কেবল শুরু হলো।’ উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে পারিবারিক আয়োজনে বিয়ে করেন অপূর্ব। দাম্পত্য জীবনের চার বছর পর এই জুটির কোল আলো করে জন্ম নেয় কন্যাসন্তান আনায়া।