দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় কুষ্টিয়ায় পিছিয়ে পড়া শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করেছে কুষ্টিয়া বন্ধুসভা। সম্প্রতি কুষ্টিয়া পৌর এলাকার বড় বাজারসংলগ্ন হরিজনপল্লিতে অবস্থিত চৈতন্য গীতা একাডেমি স্কুলের ৩৫ জন শিক্ষার্থীর হাতে এসব সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন বন্ধুসভার সদস্যরা। উপহারের তালিকায় ছিল লেখার খাতা, কলম, মার্কার পেন, বোর্ড, ডাস্টার এবং মেঝেতে বসার পাটি। এসব উপহার সামগ্রী হাতে পেয়ে শিশুশিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্কুলটির শিক্ষক সুমা রাণী বিশ্বাস বলেন, ‘এই প্রথম আমাদের স্কুলে এমন আয়োজন করল বন্ধুসভা। একসময় কোনো সরকারি কিংবা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের এই পল্লির বাচ্চাদের ভর্তি নিত না। এখন দিন পরিবর্তন হয়েছে। আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারছে।’ এই আয়োজনে কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির, দপ্তর সম্পাদক রাসেল হোসেন ও তাসনিম লিথি উপস্থিত ছিলেন।