গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে আয়োজিত নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কচ্ছপতলী আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিক্রম ত্রিপুরা। গত ১৫ অক্টোবর বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। সেখানে নিজস্ব শিল্পপ্রতিভা ও সৃজনশীলতার মাধ্যমে বিচারকদের ভূয়সী প্রশংসা অর্জন করে বিক্রম প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে এবং সনদ ও পুরস্কার লাভ করে।
বিক্রম ত্রিপুরার এমন সাফল্যে উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা জানান, শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত সম্ভাবনাগুলো জাগ্রত করতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চিত্রাঙ্কন, সাহিত্যচর্চা ও সংস্কৃতির মতো সৃষ্টিশীল নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর মতে, এ জাতীয় প্রতিযোগিতা শিশুদের মনোবল বাড়ায় এবং তাদের মধ্যে নতুন কিছু জানার আগ্রহসহ ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। বিক্রমের এই প্রাপ্তি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীর জন্যও বড় স্বপ্ন দেখা, মেধার বিকাশ ঘটানো ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।