অনিয়ন্ত্রিত নগরায়ণ, করপোরেট লাভের লিপ্সা ও জমির নির্বিচার বাণিজ্যিকীকরণের ফলেই ঢাকা ধীরে ধীরে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে বলে মত প্রকাশ করেছেন নগর–পরিকল্পনাবিদ ও স্থাপত্যবিদেরা। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাহ্য করে উন্নয়ন কর্মযজ্ঞ পরিচালনা এবং যথাযথ বাস্তবায়নের অভাবে রাজধানীর পরিবেশ, জলাশয় এবং সামগ্রিক নাগরিক সুযোগ-সুবিধা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শিরোনামের ইতিহাস আড্ডার ৩৫তম আসরে বিশেষজ্ঞরা এসব বিষয় তুলে ধরেন। দ্য ডেইলি স্টার এই আলোচনার আয়োজন করে।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শায়ের গফুর বলেন, কোনো লাগাম ছাড়া ভূমির বাণিজ্যিক ব্যবহারের কারণেই ঢাকা তার বাসযোগ্যতা হারিয়েছে। আর এ পরিস্থিতি তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব সমর্থন ছিল উল্লেখ করে তিনি বলেন, জমির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে শহরকে বাসযোগ্য করে তোলার আলাপ স্ববিরোধী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর–পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান অভিমত দেন, বিগত তিন দশকে ঢাকা যেন একটি বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। নগর পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ ও ভবন তৈরি—সব ক্ষেত্রেই নাগরিক স্বার্থের চেয়ে করপোরেট মুনাফাকে এগিয়ে রাখা হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উপপরিবহন পরিকল্পনাবিদ ধ্রুব আলম ঢাকার যাতায়াত অবকাঠামো নিয়ে আলোচনা করেন। তিনি জানান, সুদূরপ্রসারী ও সুপরিকল্পিত উদ্যোগের পরিবর্তে দীর্ঘদিন ধরে ঢাকাকেন্দ্রিক পরিবহন উন্নয়ন খণ্ডিত ও অস্থায়ী ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে আছে। তিনি আরও বলেন, জাতীয় নগর পরিবহন নীতিমালায় পথচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ থাকলেও পরিবহন খাতের মোট বাজেটের ১ শতাংশেরও কম ব্যয় হয় তাঁদের সুযোগ-সুবিধার জন্য। পুরো আলোচনা পর্বটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক ইমরান মাহফুজ।