চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি কিংবা পাসের হার আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে শিক্ষা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত শনিবার, ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল।
প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। গত বছর এমন শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, ফলে চলতি বছর এই সংখ্যা বেড়েছে ৯১টি। বিপরীতে, এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৩৯টিতে।