দুজন পরিণত মানুষের সম্পর্কের গল্প নিয়ে মঞ্চে এল নতুন নাটক ‘তবুও প্রেম আসে’
সম্পর্কের দেনা-পাওনার হিসাবের ভিড়ে দুজন মানুষ একে অপরের ভরসা, প্রশান্তি ও নিরাময়ের জায়গা হয়ে উঠতে পারছেন কি না—এমন ভাবনা এবং পরিণত বয়সের সম্পর্কের টানাপোড়েনকে উপজীব্য করে মঞ্চে এসেছে হান্ট থিয়েটারের নতুন প্রযোজনা ‘তবুও প্রেম আসে’। গত বুধবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির মূল ভাবনা ও নির্দেশনায় ছিলেন ডায়না ম্যারেলিন এবং এর নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির। ভালোবাসাকে নিছক আবেগ বা প্রত্যাশার ঊর্ধ্বে নিয়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের পারস্পরিক নির্ভরতা ও আশ্রয় হয়ে ওঠার বার্তা দেওয়া হয়েছে এ নাটকে।
নাটকের ভাবনা প্রসঙ্গে নির্দেশক ডায়না ম্যারেলিন বলেন, ‘আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। কিন্তু প্রেমের গল্প বলতে গিয়ে দেখি, প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না! দুজন পরিণত মানুষ একজন আরেকজনের আরাম হবে, বিশ্রামের জায়গা হবে, আস্থার ঠিকানা হবে। একজন আরেকজনকে নিরাময় করতে তার ক্ষতে প্রলেপ দেবে। এই সহজ সত্য দূরে সরিয়ে আমরা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত হয়ে আছি।’ ভালোবাসাকে প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন, ‘প্রেম তো আর আলাদা কিছু নয়, এটা একটা লাইফস্টাইল। নিত্যদিনের ব্যস্ততায় একটুকরা খোলা আকাশ, একটা বিশ্বস্ততার সিলমোহর। ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী, মুখোমুখি প্রেম বা দূরত্বের সম্পর্ক, একসঙ্গে বুড়ো হওয়া কিংবা তীব্র ভালোবাসা—সম্পর্কে এটুকু সততা তো রাখাই যায়।’
প্রযোজনাটিতে অভিনয় করেছেন ডায়না ম্যারেলিন, সারাহ জেবীন, সুপ্তি দাস, নিয়ন আহসান, সাইম বিন মুজিব ও জেরম প্রজ্ঞা। নাটকটির গানে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী, সাজ্জাদ কবির এবং রেশমী চাকমা। এর আগে গত এপ্রিলে ভিন্নধারার নাট্যভাষা ও অভিনয়ের কারণে দর্শক মহলে আলোচিত ‘ক্যাফে দ্য ভলতে’ মঞ্চে এনেছিল হান্ট থিয়েটার। সেই পথচলার পর এবার প্রেম ও সম্পর্কের বহুমাত্রিক রূপ নিয়ে নতুন এ নাটকটি মঞ্চস্থ করল দলটি।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।