ইমরান আহমেদ। ব্যান্ডের সৌজন্যে
দেশের জনপ্রিয় হেভি মেটাল ঘরানার ব্যান্ড ‘মেকানিক্স’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারবাদক ইমরান আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ব্যান্ডটির দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।
দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হন ইমরান আহমেদ। এরপর থেকেই তাঁর নিরবচ্ছিন্ন চিকিৎসা চলছিল। কখনো হাসপাতালে, কখনো আবার বাসায় রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল তাঁকে। তবে গত সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয় এবং আজ সকালে সেখানেই তিনি মারা যান। উল্লেখ্য, এর আগে তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কনসার্টের আয়োজনও করা হয়েছিল।
আফতাবুজ্জামান ত্রিদিব প্রথম আলোকে জানান, ‘ওর শরীরটা ভালো যাচ্ছিল না। বলা যায় এক বছর যাবত বেশি অসুস্থ ছিল। হাসপাতালেই থাকতে হয়েছে এ সময়েই। ওর জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন হাসপাতালেই আছি। জানাজা ও দাফনের বিষয় এখনো পারিবারিকভাবে চূড়ান্ত হয়নি। সব চূড়ান্ত হলে আমরা জানিয়ে দেব।’
২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের আত্মপ্রকাশের সময় প্রথম লাইনআপের সদস্য ছিলেন ইমরান আহমেদ। পরবর্তী সময়ে ২০০৭ সালে ‘ডি রকস্টার’-এর দ্বিতীয় আসরে গিটারিস্ট হিসেবে তুমুল পরিচিতি লাভ করেন তিনি। এরপর ২০০৮ সালে তিনি ব্যান্ডটি থেকে সরে দাঁড়ান। মেকানিক্স ছাড়ার পর অন্য কোনো ব্যান্ডে যুক্ত না হয়ে তিনি পারিবারিক ব্যবসায় মন দেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।