সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। আজ দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে
দেশে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি উল্লেখ করেন, সার ডিলারদের কাছে থাকার নিয়ম থাকলেও তা অননুমোদিত ব্যক্তিদের হাতে চলে যাচ্ছে। এই অসৎ চক্রের অপতৎপরতায় কৃষক, সমাজ ও সমগ্র দেশ ক্ষতির মুখে পড়ছে। শনিবার দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান। মন্ত্রী আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক তদারকি দল গঠন করা হয়েছে এবং শিগগিরই এই অসাধু চক্রকে দমন করা সম্ভব হবে।
আগামী বৃহস্পতিবার ফুলগাজী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও পরিবেশ খতিয়ে দেখতে মন্ত্রী বিদ্যালয় মাঠ পরিদর্শনে যান। মাঠপর্যায়ের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশব্যাপী ২ কোটি কৃষককে কৃষি কার্ডের আওতায় আনা হবে এবং যথাসময়ে প্রান্তিক, ক্ষুদ্র, ভূমিহীন, মাঝারি ও বড়—সব শ্রেণির কৃষক এই কার্ড পাবেন। এছাড়া সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।