লাশ
সিলেটের কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি কৃষিজমি থেকে শাহিন আহমদ (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার শেষ বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রাম থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পিঠে তিনটি গুলির দাগ রয়েছে। তিনি কানাইঘাটের কেউটি হাওর গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবারের বক্তব্যের বরাতে পুলিশ জানায়, পেশায় কৃষক শাহিন গত শুক্রবার রাতে ঘর থেকে বের হওয়ার পর আর ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা সীমান্তসংলগ্ন বাংলাদেশের ভূখণ্ডে সোনারখেওড় গ্রামের ফসলি জমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন এবং পরে বিকেলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে জানান, মরদেহ উদ্ধারের স্থানটি অত্যন্ত দুর্গম এক সীমান্ত অঞ্চল, যেখানে কেবল নৌকা ও মোটরসাইকেলে যাতায়াত করা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর শনিবার রাতেই ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওসি আরও উল্লেখ করেন, শাহিন কৃষিকাজ করলেও সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হওয়ার সুযোগে কখনো কখনো অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়াপুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ভারতে ঢোকার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে বাংলাদেশ অংশে ফিরে এসে প্রাণ হারান।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।