advertisement
advertisement

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ শীর্ষ ডাকাত সরদার সাহেব আলীর মৃত্যু


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ শীর্ষ ডাকাত সরদার সাহেব আলীর মৃত্যু

গুলিতে ‘ডাকাত সর্দার’ সাহেব আলী নিহতের পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায়

advertisement

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৫০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সাহেব আলীর বাড়ি সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর আটি ওয়াপদা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাহেব আলী ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ ডাকাত দলের প্রধান। তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ কমপক্ষে ২০টি মামলা রয়েছে। অতীতে তাঁকে এবং তাঁর সঙ্গীদের আটক করতে গিয়ে একাধিকবার পুলিশ ও র‍্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নিজের সহযোগীদের গুলিতেই প্রাণ হারিয়েছেন সাহেব আলী।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বউবাজার এলাকায় কয়েকজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে এক ব্যক্তি সাহেব আলীকে নিশানা করে গুলি করেন। গুলি লেগে সাহেব আলী নিকটবর্তী একটি খালে ছিটকে পড়লে তাঁকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ওই আক্রমণকারীর সঙ্গে আরও এক ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যায় এবং গুলি করার পর তারা খালের পানিতে ইটপাটকেলও ছোড়ে। এছাড়া ফুটেজে আরও কয়েকজনকে খালে পড়ে যাওয়া সাহেব আলীকে খুঁজতে দেখা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক প্রথম আলোকে জানান, সোমবার বিকেলে বউবাজারে দুজন ব্যক্তি এসে সাহেব আলীকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও উল্লেখ করেন, সাহেব আলী এসআরবি-১১ ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত সরদার ছিলেন এবং হত্যা-ডাকাতিসহ অন্তত ২০টি মামলার আসামি ছিলেন। প্রাথমিকভাবে সহচরদের গুলিতেই তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। কারা এ হামলা চালিয়েছে তা তদন্তাধীন রয়েছে। স্থানীয়ভাবে দুই হামলাকারীর নাম প্রকাশ পেলেও সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে জানান এই কর্মকর্তা।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর