advertisement
advertisement

দারিদ্র্যকে জয় করে ব্যাডমিন্টন কোর্টে দ্যুতি ছড়াচ্ছে সানজিদা, লক্ষ্য পুলিশ হওয়া


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
দারিদ্র্যকে জয় করে ব্যাডমিন্টন কোর্টে দ্যুতি ছড়াচ্ছে সানজিদা, লক্ষ্য পুলিশ হওয়া

রাজশাহী আলোর পাঠশালার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সানজিদা পারভীন মিষ্টি।

advertisement

জীবনের নানা প্রতিকূলতা ও অভাব-অনটনকে পেছনে ফেলে এগিয়ে চলেছে সানজিদা পারভীন মিষ্টি। শৈশবেই পিতৃহারা হওয়া এই কিশোরী বাবা-মাকে হারিয়ে বড় হয়েছে দাদির কাছে। পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিলেও থেমে থাকেনি তার জীবনসংগ্রাম। ষষ্ঠ শ্রেণিতে প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত রাজশাহী আলোর পাঠশালায় ভর্তি হয় মিষ্টি। বর্তমানে সে সেখানকার অষ্টম শ্রেণির ছাত্রী। পড়াশোনাকে সে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের প্রধান অবলম্বন হিসেবে বিবেচনা করে।

অল্প বয়সেই বাস্তবতার মুখোমুখি হওয়া সানজিদার ভবিষ্যৎ লক্ষ্য একজন পুলিশ কর্মকর্তা হওয়া। তার ইচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করে সাধারণ মানুষের সেবা করা এবং স্বাবলম্বী হয়ে স্বজনদের দুঃখ-কষ্ট লাঘব করা। কেবল পড়াশোনাতেই নয়, ক্রীড়াক্ষেত্রেও নিজের মেধার প্রমাণ দিচ্ছে মিষ্টি। প্রাথমিক বিদ্যালয় ‘নতুন কুঁড়ি’তে পড়ার সময় থেকেই তার ব্যাডমিন্টনের প্রতি গভীর আগ্রহ জন্মায়। নিয়মিত ও নিষ্ঠার সাথে অনুশীলনের মাধ্যমে সে ইতোমধ্যে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং সামনে আরও বড় অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে চলার প্ল্যাটফর্ম হিসেবে রাজশাহী আলোর পাঠশালা সানজিদার মতো শিক্ষার্থীদের প্রেরণা জুগিয়ে চলেছে। জীবনের কঠিন বাস্তবতাকে উপেক্ষা করে জেলা পর্যায় মাতানো সানজিদা ভবিষ্যতে জাতীয় স্তরে আলো ছড়াবে কিংবা পুলিশ হিসেবে দেশের সেবা করবে—সেটি সময়ই বলে দেবে। তবে শত বাধার মুখেও তার এই ঘুরে দাঁড়ানোর লড়াই বহু প্রতিকূল পরিবেশে থাকা শিশুর জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর