advertisement
advertisement

বুথফেরত জরিপ: ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন পাওয়ার সম্ভাবনা, ফিলিস্তিনি ভোটারদের অভূতপূর্ব উপস্থিতি


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
বুথফেরত জরিপ: ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন পাওয়ার সম্ভাবনা, ফিলিস্তিনি ভোটারদের অভূতপূর্ব উপস্থিতি

একটি নির্বাচনী প্রচারের সমাবেশে রাআম দলের প্রধান মনসুর আব্বাস

advertisement

ইসরায়েলে গত মঙ্গলবার সমাপ্ত জাতীয় নির্বাচনের পর বুথফেরত জরিপের বরাতে জানা গেছে, দেশটির আরব প্রতিনিধিত্বকারী দলগুলো পার্লামেন্টে ১৯টি আসনে জয়লাভ করতে পারে। কয়েক দশকের মধ্যে এবারই ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি ভোটারদের উপস্থিতি ছিল সর্বোচ্চ। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ পরিবেশিত জরিপের তথ্যানুযায়ী, এই জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ ভোটার এবার ভোটকেন্দ্রে যান, যা ১৯৯৯ সালের পূর্ববর্তী রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। পূর্বাভাস অনুযায়ী, প্রধান দুই আরব প্ল্যাটফর্ম ‘জয়েন্ট লিস্ট’ এবং ইউনাইটেড আরব লিস্ট (রাআম) সম্মিলিতভাবে এই আসনগুলো পাওয়ার পথে রয়েছে।

নির্বাচনের পর রাআমের নেতা মনসুর আব্বাস আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর দলসহ বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী শিবির সরকার গঠনের ম্যাজিক ফিগার হিসেবে পরিচিত ৬১টি আসন নিশ্চিত করতে সক্ষম হবে। বর্তমানে ইসরায়েলের আইনসভা নেসেটে আব্বাসের দলটির ৫টি আসন রয়েছে এবং তারা ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত পূর্ববর্তী ক্ষমতাসীন জোটের শরিক ছিল। আব্বাস উল্লেখ করেন, ভোটগ্রহণের আগে ও পরে উভয় সময়ই মূল দুটি রাজনৈতিক জোটের পক্ষ থেকেই তাঁর দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলের আরব-অধ্যুষিত তাইবে এলাকায় পরিবারের পরিজনদের সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন জয়েন্ট লিস্টের নেতা আহমাদ তিবি।

বর্তমান জটিল সমীকরণ নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস বলেন, আইজেনকটের দলের মতো দলগুলোর জন্য এখন সরকার গঠন করা দুরূহ হতে পারে; কারণ তারা নির্বাচনী প্রচারের সময় আরব দলগুলোর সঙ্গে কোনো সরকারে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পিঙ্কাস মনে করেন, ওই দলগুলোকে এখন এর পরিণতি ভোগ করতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, কেবল ভোটের প্রয়োজনে কাউকে কাছে টানবেন আর সরকারে নেওয়ার বিবেচনা করবেন, সেই দিন শেষ; আরবদের কোনোভাবেই আর বাদ দিয়ে রাখা যাবে না। অন্য দিকে ভোটের দিন শেষ সময়ে নেতানিয়াহু ও তাঁর কট্টর ডানপন্থী মিত্ররা ফিলিস্তিনি ইসরায়েলিদের ব্যাপক ভোটদানের তথ্য তুলে ধরে নিজেদের সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার তাগিদ দেন। আরব রাজনীতিকেরা ডানপন্থীদের এই আচরণকে প্রকাশ্য বর্ণবাদী ও চরম উসকানিমূলক প্রচারণা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর