advertisement
advertisement

নিরাপত্তা সুরক্ষায় ১২ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
নিরাপত্তা সুরক্ষায় ১২ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

advertisement

ওয়েবসাইট তৈরির জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি ধরা পড়ার পর সিস্টেমের সুরক্ষা জোরদারে ১২ ঘণ্টার রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ কারণে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ডিজিটাল ভূমিসেবার পোর্টালটির (land.gov.bd) সার্ভার বন্ধ রাখা হয়েছে। মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মটির কোনো সেবা চালু থাকবে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারের সাইবার নিরাপত্তাবিষয়ক সংস্থা বিজিডি ই-গভ সার্টের গত ২২ অক্টোবরের জরুরি সতর্কবার্তার আলোকেই সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সাইবার ঝুঁকি বেড়েছে এবং লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সার্টের পক্ষ থেকে সার্ভারে পিএইচপির ব্যবহার শনাক্ত করে ঝুঁকিপূর্ণ সংস্করণ যাচাই ও প্রয়োজনীয় সুরক্ষার তাগিদ দেওয়া হয়। এর আগে একই ধরনের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও বন্ধ রাখার ঘটনা ঘটেছিল।

সার্ভার বন্ধ থাকাকালে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতাধীন নামজারি (মিউটেশন), ভূমি উন্নয়ন কর প্রদান, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংকের মতো সেবাগুলো পাওয়া যাবে না। এ ছাড়া উত্তরাধিকার হিসাবের ক্যালকুলেটর, সংশ্লিষ্ট আইন-বিধি, বিভিন্ন ফরম ও সেবা গ্রহণের নির্দেশিকা ব্যবহারও স্থগিত থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর কোনো ধরনের আর্থিক লেনদেন বা পেমেন্ট না করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি কাজ সুষ্ঠুভাবে শেষ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ভূমি মন্ত্রণালয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর