যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও গুগলের সিইও সুন্দর পিচাই
আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা বা নিজের নামে রাখার প্রস্তাব গুগল নাকচ করে দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাউথ ক্যারোলাইনায় আয়োজিত এক সমাবেশে তিনি জানান, বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, তা জানতে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করেছিলেন।
সমাবেশে ট্রাম্প বলেন, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর ছাড়া আর কোনো মহাসাগরের সঙ্গেই তিনি ‘আমেরিকা’ কিংবা ‘ট্রাম্প’ নাম যুক্ত করতে ইচ্ছুক নন। তাই আটলান্টিক মহাসাগরের বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি গুগল ম্যাপসকে ফোন করেছিলেন। তিনি উল্লেখ করেন, হ্রদের বিষয়ে গুগল ম্যাপস দারুণ কাজ করলেও উপসাগর নিয়ে তারা এখনো কিছুটা নার্ভাস। ট্রাম্প জানান, তিনি সুন্দর পিচাইকে বলেছিলেন যে তিনি আটলান্টিক মহাসাগর নিয়ে ভাবছেন।
এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করতে একটি নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প। এ ছাড়া কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধ চলাকালে ‘লেক অন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার সর্বাত্মক প্রয়াস চালান তিনি। নতুন এই নাম ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর একটি নির্বাহী আদেশও জারি করেছিলেন তিনি।
তবে ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাব পিচাই নাকচ করে দিয়েছেন বলে ট্রাম্প সমাবেশে প্রকাশ করেন। গুগল সিইওর বক্তব্য উদ্ধৃত করে ট্রাম্প বলেন, পিচাই তাঁকে জানিয়েছিলেন যে এবার তিনি এটি করতে পারবেন না, কারণ মহাসাগর একাধিক দেশজুড়ে বিস্তৃত হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাই এমন অনুরোধ না করতে পিচাই অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প সমাবেশে বলেন, এই প্রস্তাব থেকে তাঁর হয়তো সরে আসাই উচিত এবং মহাসাগরটির নাম আটলান্টিক থাকাই শ্রেয়।
এ বিষয়ে বক্তব্যের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেছে দ্য গার্ডিয়ান। এর আগে ট্রাম্পের দাবি অনুযায়ী নাম সংশোধন করায় মেক্সিকো, কানাডাসহ সাধারণ নাগরিকদের তীব্র ক্ষোভের মুখে পড়েছিল গুগল। বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের গুগল ম্যাপসে এই স্থানগুলো ‘গালফ অব আমেরিকা’ ও ‘লেক আমেরিকা’ নামে দেখানো হয় এবং সার্চের ফলাফলে মূল নামের পাশে বন্ধনীতে পরিবর্তিত নামগুলো থাকে। তবে মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীদের কাছে এখনো মূল নামগুলোই প্রদর্শিত হচ্ছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।