চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন তিনপুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ হামলার শিকার হন জাকির হোসেন নামের ওই ব্যবসায়ী। রিয়াজউদ্দিন বাজারে তাঁর ওয়ান টাইম বা একবার ব্যবহারযোগ্য ক্রোকারিজ পণ্যের ব্যবসা রয়েছে। গুরুতর জখম অবস্থায় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ব্যবসায়ীর প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ মানিক প্রথম আলোকে জানান, রাতে রিয়াজউদ্দিন বাজারের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। তিনপুলের মাথা সংলগ্ন স্থানে যানবাহনে ওঠার আগমুহূর্তে তিন থেকে চারজনের একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁকে মারধর এবং কিরিচ দিয়ে আঘাত করতে শুরু করে। একপর্যায়ে জাকিরের কাছে থাকা পাঁচ লাখ টাকা কেড়ে নিয়ে তারা চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে জানান, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকির হোসেনের ওপর এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত ব্যবসায়ীর স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন ব্যবসায়ীর নাম পুলিশকে অবহিত করেছেন। তবে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানান ওসি।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।