মদিনায় মসজিদে নববির কোরআন শিক্ষা ক্লাস
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীতে ওমরাহ ও ভ্রমণ (ভিজিট) ভিসায় আগত বিদেশি পুণ্যার্থীদের জন্য জ্ঞানচর্চার এক বিরল সুযোগ তৈরি হয়েছে। নতুন সিদ্ধান্তের আওতায় স্বল্পমেয়াদি ভিসাধারীরা মসজিদে নববিতে প্রাতিষ্ঠানিক পাঠ্যক্রমে সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষার পাশাপাশি খ্যাতনামা মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আরবি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন। পূর্বে স্বল্পসময়ের সফরে আসা দর্শনার্থীদের জন্য এমন প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পরিধি সীমিত ছিল। সরকারের সাম্প্রতিক এই পদক্ষেপের ফলে ওমরাহ ও মদিনা জিয়ারতের পাশাপাশি শিক্ষা অর্জনের এক নতুন দিগন্তের উন্মোচন ঘটেছে।
মসজিদে নববির আঙিনায় প্রতিনিয়ত এই কোরআন পাঠদান কার্যক্রম পরিচালনা করছে দুই পবিত্র মসজিদের বিষয়াবলি সংক্রান্ত জেনারেল অথরিটি। সংশোধিত নিয়মে ওমরাহ বা যেকোনো ধরনের ভিজিট ভিসায় মদিনায় আসা ব্যক্তিরা কোনো ধরনের ফি ছাড়াই এসব ক্লাসে অংশ নিতে পারছেন। অংশগ্রহণকারীদের যোগ্যতার নিরিখে পাঠ্যক্রমটি বিভিন্ন ধাপে বিন্যস্ত করা হয়েছে। এর মধ্যে নতুন শিক্ষার্থীদের জন্য আরবি বর্ণমালা ও শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত শেখার ব্যবস্থা রয়েছে। অপরদিকে অগ্রসর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে তাজবিদ, হিফজ এবং কোরআনের তাফসির অধ্যয়নের বিশেষ ব্যবস্থা। নির্দিষ্ট একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে সুবিধাজনক সময়ে সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছেন।
মসজিদে নববিতে জ্ঞানার্জনের বিশেষ তাৎপর্য রয়েছে। এ প্রসঙ্গে মহানবী (সা.) ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি কেবল কোনো কল্যাণকর বিষয় শেখা কিংবা শেখানোর উদ্দেশ্যে আমার মসজিদে আসে, তবে তার মর্যাদা আল্লাহর রাস্তায় লড়াইকারী মুজাহিদের সমতুল্য। (সুনান ইবনে মাজাহ, হাদিস: ২২)।
মসজিদে নববির অবৈতনিক কোরআন পাঠদানের পাশাপাশি অনারব দর্শনার্থীদের কথা বিবেচনা করে ছয় সপ্তাহের একটি বিশেষ ‘অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স’ চালু করেছে ঐতিহ্যবাহী মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়। নির্ধারিত ফির বিনিময়ে পরিচালিত আধুনিক শিখন পদ্ধতির এই কোর্সের মাধ্যমে আরবি পড়া, লেখা ও দৈনন্দিন কথোপকথনের দক্ষতা অর্জনের সুযোগ রাখা হয়েছে। একাধিক মডিউলে সাজানো এই কোর্স ভাষা দক্ষতার পর্যায়ক্রমিক উন্নতিতে সহায়ক। তাছাড়া বিশ্ববিদ্যালয়টি মসজিদে নববির সন্নিকটেই অবস্থিত হওয়ায় যাতায়াতও অত্যন্ত সহজ।
মসজিদে নববির বিনামূল্যে কোরআন পাঠ এবং মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছয় সপ্তাহব্যাপী ভাষা কোর্স মিলিয়ে দর্শনার্থীরা প্রায় দুই মাসের একটি অনন্য শিক্ষাসফরের সুবিধা পাচ্ছেন। ফলে দুই থেকে তিন মাসের ভিজিট ভিসায় আসা পুণ্যার্থীরা কেবল ঐতিহাসিক স্থান পরিদর্শনেই সীমাবদ্ধ না থেকে এই সময়কে জ্ঞানচর্চায় কাজে লাগাতে পারবেন। আগ্রহী প্রার্থীরা মসজিদে নববির কোরআন ক্লাসের জন্য (https://reg.qm.edu.sa/Minton/Account/NewRegistration) এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের আরবি কোর্সের জন্য (https://ala.asaqefah.sa/) লিংকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। দি ইসলামিক ইনফরমেশন ডট কমের বরাতে জানা যায়, এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার আন্তর্জাতিক পর্যটক উপকৃত হবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।